Header Ads

চট্টগ্রামে লরি চাপায় নিহত ৩

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড় এলাকায় একটি চলন্ত সিএনজির ওপর কন্টেইনারবাহী লরি উল্টে পড়ে চালকসহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ঢাকার আব্দুল্লাহপুর (উত্তরা) বাসিন্দা নূর মোহাম্মদ এর ছেলে মো. মোশাররফ হোসেন মুছা (৪৫), মালিবাগ চৌধুরীপাড়ার পল্টন এলাকার বাসিন্দা মৃত আব্দুল মাজেদের ছেলে ওয়াজেদ আলী (৬০) এবং সিএনজি অটোরিকশা চালক জসিম সিকদার (৩৬)। তার বাড়ি বরগুনার মাদারতৈলীতে। আহত ২ জন হলেন- মো. সুজন (৩১), মো, সাইদুল হক (২৬)। বন্দর থানার এসআই আলতাফ হোসেন আহত নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেন। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মঈনুল হাসান বলেন, একটি সিএনজি অটো রিকশা কন্টেইনার লরিটি পাশপাশি চলছিল। বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের কারণে লরিটি সাইট নিতে গিয়ে এক পাশের চাকা গর্তে পড়ে গেলে লরিটি কন্টেইনারসহ সিএনজির উপর উল্টে পড়ে। এতে ২ যাত্রী এবং চালকসহ ৩ জন সিএনজিটি লরির নিচে চাপা পড়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনে ডিউটি অফিসার রূপম বড়ুয়া জানান, নিমতলা বিশ্বরোড় এলাকায় কন্টেনার লরির নিচে চাপাপড়া সিএনজি উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ৭টি স্টেশন থেকে গাড়ি গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। আমরা ৩ জনের মৃত্যুর খবর   পেয়েছি।
আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:
Blogger দ্বারা পরিচালিত.